নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মিছিল চলাকালে ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ নেন।



শিক্ষার্থীরা নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটের প্রধান ফটকে একটি ব্যানার টানিয়ে দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেয় সরকার। এর পর থেকেই বিক্ষোভ চলছে।

শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন।


Post a Comment

0 Comments

লোড হচ্ছে...