বিশ্বকাপের শাকিরা ও বার্না বয়ের নতুন গানটির নাম ‘দাই দাই’

 

শাকিরা ও বার্না বয়

বিশ্বকাপের গানের কথা শুনলেই শাকিরার নাম আলাদা করে ফিরে আসে ফুটবলপ্রেমীদের মনে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ এখনও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি। সেই শাকিরাই এবার ফিরলেন ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে। তার সঙ্গে আছেন আফ্রোবিটস তারকা বার্না বয়।

শাকিরা ও বার্না বয়ের নতুন গানটির নাম ‘দাই দাই’। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে গানটি প্রকাশ করা হয়েছে। লাতিন ছন্দ, আফ্রোবিটস আর বহুভাষিক পপ সাউন্ডের মিশ্রণে তৈরি গানটিকে বিশ্বকাপের বৈশ্বিক চরিত্রের সঙ্গে মিলিয়েই সাজানো হয়েছে।

গানের এক অংশে শাকিরা উচ্চারণ করেছেন বিশ্বকাপের নানা দেশ ও ফুটবল আবহের নাম। ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস—বিশ্ব ফুটবলের পরিচিত নামগুলো উঠে এসেছে তার কণ্ঠে। এরপর শাকিরা ও বার্না বয় আলাদা আলাদা অংশে গান এগিয়ে নিয়ে শেষে একসঙ্গে ডুয়েটে মিলেছেন।

গানটি প্রকাশের আগে গত সপ্তাহে শাকিরা সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিটের টিজার প্রকাশ করেছিলেন। রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের মাঝমাঠে দাঁড়িয়ে নাচতে দেখা যায় তাকে। সেই টিজারেই শোনা গিয়েছিল গানের শুরুর অংশ।

শাকিরার জন্য বিশ্বকাপের গান নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপে তার ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই গান দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে এক যুগের বেশি সময় পরও বিশ্বকাপের গান নিয়ে আলোচনা উঠলে সেটিই সবার আগে মনে পড়ে।

‘দাই দাই’ প্রকাশের খবর এসেছে আরেক বড় ঘোষণার পরপরই। ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এবারই প্রথম এমন হাফটাইম শো হবে। সেই লাইনআপ কিউরেট করেছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন।

Post a Comment

0 Comments

লোড হচ্ছে...