১৪ জেলায় ঝড়ের আভাস

 

দেশের ১৪ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে পৃথক আরেকটি আবহাওয়া বার্তায় অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে।

পাশাপাশি পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এসব আবহাওয়াগত অবস্থার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে দেশের কয়েকটি অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহও অব্যাহত রয়েছে। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া এ তাপপ্রবাহ আগামী দিনেও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পরিচালকের পক্ষে দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Post a Comment

0 Comments

লোড হচ্ছে...